সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৫৬ পিএম
জরুরি কাজের মুহূর্তে হঠাৎ করে ইন্টারনেট সংযোগ ধীর হয়ে যাওয়া ভীষণ বিরক্তির কারণ হতে পারে। অনলাইনে ভিডিও দেখতে গেলে বারবার বাফারিং হওয়া, বার্তা পাঠাতে দেরি হওয়া কিংবা কোনো ওয়েবসাইট খুলতে অতিরিক্ত সময় লাগার মতো সমস্যার মুখোমুখি প্রায়ই হতে হয়। অথচ অনেক সময় দেখা যায় ফোনের স্ক্রিনে নেটওয়ার্কের বার বা সিগন্যাল একদম ঠিকঠাকই রয়েছে।
এমন পরিস্থিতিতে অনেকেই ফোনের এরোপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর আবার বন্ধ করেন এবং এতে কি সত্যিই গতি বাড়ে কি না তা জানতে চান। মোবাইল ইন্টারনেটের গতি কেবল নেটওয়ার্ক বারের ওপর পুরোপুরি নির্ভর করে না। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময় ফোনকে বিভিন্ন মোবাইল টাওয়ারের সঙ্গে সংযোগ পরিবর্তন করতে হয়।
কখনো কখনো এমন পরিস্থিতিও তৈরি হয় যে আশপাশে তুলনামূলক ভালো সিগন্যালের টাওয়ার থাকা সত্ত্বেও ফোন আগের দুর্বল টাওয়ারের সঙ্গেই সংযুক্ত থাকে। ফলে সিগন্যাল ভালো দেখালেও ডেটা আদান-প্রদানের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশেষ করে চলন্ত অবস্থায় বা দুর্বল কভারেজের এলাকায় এই সমস্যা বেশি দেখা যায়। এরোপ্লেন মোড চালু করলে সেলুলার নেটওয়ার্ক সংযোগ কভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে আগের পুরোনো সংযোগটি কেটে যায়।
পরে মোড বন্ধ করলে ফোন নতুন করে আশপাশের শক্তিশালী মোবাইল টাওয়ার খুঁজে সংযোগ স্থাপন করে। এর ফলে অনেক সময় ইন্টারনেটের গতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে টাওয়ারে অতিরিক্ত চাপ বা অপারেটরের ত্রুটি থাকলে এই কৌশল সব সময় কাজ নাও করতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন