ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:২২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিশ্বব্যাপী প্রবাসীদের সঙ্গে নিয়ে পুনরায় ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় ‘শহীদ ওসমান হাদি সমর্থক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রবাসীরা এই অবস্থান ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান আজাদ। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক প্রাণপুরুষ, যিনি কোনো দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
অথচ এক সপ্তাহ পার হলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল হোতাদের বিচারে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা সতর্ক করে বলেন হাদির রক্তের ঋণ শোধ করতে প্রবাসীরা প্রয়োজনে আবার ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলবে।ফোরামের আহ্বায়ক মোহাম্মদ কামারুজ্জামান ও সদস্য সচিব আজাদী আবুল বাশার (হেলাল)-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন:
এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।
নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী ও কবি সোহেল আহমেদ।
এনসিপি সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
এছাড়াও জিয়া সাইবার ফোর্স, বিসিএফ, নাগরিক পরিষদ ফ্রান্স এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
শহীদ ওসমান হাদির জীবনী ও সংগ্রামী চেতনা তুলে ধরেন সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম। অনুষ্ঠানের শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়, যা পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন।প্রবাসীরা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, হাদি হত্যার বিচার কেবল একটি মামলার বিচার নয়, এটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার। এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবাদ অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন