মার্চ ১৯, ২০২৬, ০১:২৭ পিএম
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ২০ মার্চ দেশটিতে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এই ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে ঈদের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে।
তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালনের চিত্র দেখা যাচ্ছে।ফিলিস্তিনের এই ঘোষণার আগে আফগানিস্তান, নাইজার এবং মালি বৃহস্পতিবার ১৯ মার্চ পবিত্র ঈদ পালনের ঘোষণা দিয়েছিল।
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুক্রবার ঈদ পালনের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসলামিক ক্যালেন্ডারের চন্দ্রনির্ভর বৈশিষ্ট্যের বিষয়টি আবারো সামনে এসেছে। ইসলামিক শরিয়ত অনুযায়ী শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেলেই কেবল রমজান মাসের সমাপ্তি ঘটে এবং পরের দিন ঈদুল ফিতর পালিত হয়।
ফিলিস্তিন কর্তৃপক্ষ চাঁদ দেখার সব তথ্য কারিগরি ও ধর্মীয়ভাবে যাচাই-বাছাই করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।উল্লেখ্য যে ফিলিস্তিনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় সংহতি ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়েছে।
সিয়াম সাধনার পর এই দিনটি ফিলিস্তিনিদের কাছে ধৈর্য এবং ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায় নিজ নিজ দেশের রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী এই উৎসব পালনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। ঈদের খুশি ভাগ করে নিতে দানশীলতা ও সংহতির যে আহ্বান ইসলামে রয়েছে, তা ফিলিস্তিনি জনগণের মধ্যে বিশেষভাবে ফুটে উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন