এপ্রিল ৯, ২০২৬, ০৮:১৬ পিএম
লেবাননে সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই হঠকারিতার জন্য ইসরায়েলকে ভবিষ্যতে `চরম মূল্য` দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতৃত্ব। বুধবার লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্যেই এই বড় ধরনের হামলার ঘটনা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল কেবল আন্তর্জাতিক নিয়মই অমান্য করেনি, বরং চলমান শান্তি আলোচনাকেও গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, ইরান কখনোই লেবাননের জনগণকে অসহায় অবস্থায় ছেড়ে যাবে না এবং তাদের সুরক্ষায় তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্টের সুর মিলিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কঠোর বার্তা দিয়েছেন।
তার মতে, লেবাননসহ ইরানের মিত্র দেশগুলো এই যুদ্ধবিরতি চুক্তির একটি অপরিহার্য অংশ এবং তাদের ওপর যেকোনো আক্রমণ চুক্তি ভঙ্গের নামান্তর।গালিবাফ আরও উল্লেখ করেন, যারা রাজনৈতিক সমাধান বাদ দিয়ে শক্তির পথে হাঁটছে, তাদের জন্য এই প্রতিক্রিয়া অত্যন্ত ভয়াবহ হবে। ইরানের এই কঠোর হুঁশিয়ারির মধ্যেই আজ বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে পাল্টা রকেট হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী, হিজবুল্লাহর পক্ষ থেকে দেশটির উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা ও গ্যালিলি প্যানহ্যান্ডেল লক্ষ্য করে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে।
যদিও এর ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে সীমান্তে পাল্টাপাল্টি এই অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি অবস্থান চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে লেবাননে সিভিলিয়ানদের ওপর হামলার যে অভিযোগ ইরান তুলেছে, তা বিশ্বদরবারে ইসরায়েলকে নতুন করে চাপের মুখে ফেলবে।
এর আগে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে আসছিল, যা যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা স্তিমিত হয়েছিল। এখন নতুন করে সংঘাত শুরু হওয়ায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান থেকে আসা এই চরম সতর্কবার্তা ইসরায়েল কীভাবে গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন