এপ্রিল ২৫, ২০২৬, ১১:১৩ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত ১৭ এপ্রিল থেকে লিমনের কোনো খোঁজ মিলছিল না। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার সকালে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তবে লিমনের সাথে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি লিমনের বলে নিশ্চিত করা গেছে।
জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজের আগের দিন তাঁদের দুজনকে আলাদাভাবে দেখা গিয়েছিল। বৃষ্টিকে খুঁজে পেতে পুলিশের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃত হিশাম আবুঘরবেহের বিরুদ্ধে অন্তত ছয়টি গুরুতর অভিযোগ দায়ের করেছে।গ্রেপ্তারকৃত হিশাম সম্পর্কে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। হিশাম আবুঘরবেহ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে বিএসসি কোর্সে পড়াশোনা করেছেন।
বর্তমানে তিনি আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্টে লিমনের সাথে রুমমেট হিসেবে বসবাস করতেন। তবে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টি ওই বাসায় থাকতেন না বলে পুলিশ নিশ্চিত করেছে। লিমন নিখোঁজ হওয়ার পর থেকেই হিশামের গতিবিধি নজরদারিতে রেখেছিল তদন্তকারী দল।শেরিফের দপ্তর জানিয়েছে, গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার এবং কাউকে অন্যায়ভাবে আটকে রাখার মতো অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়াও তাঁর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলো হলো হত্যার তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা এবং পুলিশের অনুমতি ছাড়া মরদেহ সরানো বা লুকিয়ে রাখা। তদন্তকারীরা মনে করছেন, লিমন হত্যাকাণ্ডের নেপথ্যে এমন কিছু তথ্য রয়েছে যা হিশাম গোপন করার চেষ্টা করছেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজ বৃষ্টির সম্পর্কেও কোনো সূত্র পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বর্তমানে তদন্তকারীরা হিশাম আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। তবে তিনি এখনো এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। লিমনের মতো একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে সেখানকার বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে নিখোঁজ বৃষ্টির নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ ও শেরিফের দপ্তর থেকে জানানো হয়েছে, বৃষ্টির সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের বিশেষ তল্লাশি অভিযান এবং তদন্ত প্রক্রিয়া কোনোভাবেই থামবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানির আগে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন