এপ্রিল ২৬, ২০২৬, ১১:২৯ এএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত কোল টমাস অ্যালেন নামে ৩১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা।
পেশায় তিনি একজন শিক্ষক বলে জানা গেছে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে জড়িয়ে পড়েন।
এই চাঞ্চল্যকর ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত দ্রুততার সাথে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে হোটেলের সেই বলরুমের দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, তার মন্ত্রিসভার শীর্ষ সদস্য এবং কয়েক হাজার সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করলে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তল্লাশি চালিয়ে হামলাকারীর কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি শার্টবিহীন অবস্থায় মেঝের ওপর উপুড় হয়ে পড়ে আছেন। পুলিশ নিশ্চিত করেছে যে, ধস্তাধস্তি বা গোলাগুলির সময় কোল টমাস অ্যালেন সরাসরি গুলিবিদ্ধ হননি। তবে তাকে আটক করার পর প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে গোয়েন্দারা ধারণা করছেন, অ্যালেন সম্ভবত ওই হোটেলেরই একজন অতিথি হিসেবে অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে তার দৌড়ে পালানোর দৃশ্যটি স্পষ্ট হওয়ার পর মার্কিন নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউসের মতো সংবেদনশীল ডিনার অনুষ্ঠানের নিরাপত্তা বেষ্টনী কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি ভেদ করলেন, তা খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ। এই ঘটনায় ওয়াশিংটন ডিসিজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন