রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে এশিয়ার বৃহত্তম ঈদ জামাত ঘিরে পুলিশের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৬, ১১:৪৩ পিএম

দিনাজপুরে এশিয়ার বৃহত্তম ঈদ জামাত ঘিরে পুলিশের ব্রিফিং

দক্ষিণ এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ২১ মার্চ ২০২৬ তারিখ শনিবার সকাল নয়টায় এই বিশাল জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে শুক্রবার ২০ মার্চ দুপুর তিনটায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

ঈদগাহ ময়দানে আগত কয়েক লাখ মুসল্লির নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতেই জেলা পুলিশের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম)। তিনি বলেন, বড় এই ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ বাহিনীকে সজাগ থাকতে হবে। 

বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। ঈদগাহ ময়দান এবং এর চারপাশের এলাকাকে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারিসহ কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জানানো হয় যে প্রবেশপথে মুসল্লিদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

ট্রাফিক বিভাগকে শহরের যানজট নিরসনে এবং ঈদগাহ অভিমুখে আসা যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। বড় এই জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।