মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ১১:০৬ পিএম

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত

রাশিয়ায় নিহত যুবক রিয়াদ রশিদ

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মো. রিয়াদ রশিদ (২৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ রশিদ গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমান। পরবর্তীতে এ বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে তাঁর ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবারের কাছে গোপন রেখেছিলেন।

শুক্রবার (৮ মে) রাতে রিয়াদের মৃত্যুর খবরটি প্রথম পায় তাঁর পরিবার। রাশিয়ার একই ক্যাম্পে কর্মরত রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে এই শোক সংবাদ পাঠান। লিমন জানান, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালালে রিয়াদসহ দুই বাংলাদেশি এবং একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। 

হামলায় লিমন নিজেও একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি জানান, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তাঁদের জানায়নি। জানলে তাঁরা কখনোই তাঁকে সেখানে যেতে দিতেন না। এখন তাঁর ছেলের লাশের সন্ধান পাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমও ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। নিহত যুবকের বাড়িতে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদ চার ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় ছিলেন।

রিয়াদের অকাল মৃত্যুতে তাঁর নিজ গ্রামে শোকের আবহ বিরাজ করছে। শোকাতুর পরিবারের সদস্যরা এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।