রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

হরমুজ ও পরমাণু ইস্যু সমাধান হলেই মার্কিন বাহিনী প্রত্যাহার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৩:৪৯ পিএম

হরমুজ ও পরমাণু ইস্যু সমাধান হলেই মার্কিন বাহিনী প্রত্যাহার: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র বৈরিতা নিরসনে দুই দেশ খুব ভালো একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত এবং পারমাণবিক সমস্যার স্থায়ী সমাধান হলে এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। 

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।ট্রাম্পের মতে দুই দেশের মধ্যকার একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক চুক্তিই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে পছন্দের বিকল্প।

কারণ এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার অর্থ হবে অবিলম্বে হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক ও সাধারণ নৌচলাচলের জন্য পুনরায় পুরোপুরি খুলে যাওয়া। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে হরমুজ প্রণালি অবিলম্বে এবং কোনো প্রকার অতিরিক্ত ফি বা শুল্ক ছাড়াই বৈশ্বিক বাণিজ্যের জন্য খুলে দিতে হবে। একই সঙ্গে তেহরানকে ভবিষ্যতে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে স্থায়ী ও কঠোরভাবে বিরত রাখতে হবে বলে তিনি পরিষ্কার বার্তা দেন।ওয়াশিংটনের এই অনমনীয় শর্তগুলো পূরণ না হলে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে।

এর আগে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জ্যেষ্ট উপদেষ্টাদের সাথে দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা সম্পন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করা হয়। ট্রাম্পের এই নতুন কূটনৈতিক অবস্থান ও শর্তের ওপর ভিত্তি করে আগামী দিনে মধ্যপ্রাচ্য অঞ্চলের ভূ-রাজনীতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই