রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লেবাননে নতুন হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১০:৩৭ এএম

লেবাননে নতুন হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চললেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথকভাবে এই হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি যানবাহনের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এই ঘটনাগুলোতে অন্তত চারজন নিহত হয়েছেন।নতুন করে চালানো এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব অব্যাহত থাকলে তা কোনোভাবেই শান্তি চুক্তির অংশ হতে পারে না।

দখল করা এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার না করলে এই সংঘাতের স্থায়ী সমাপ্তি ঘটবে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে সমঝোতার পরেও তাঁর দেশের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের অবস্থান থেকে সরবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে জানিয়েছিলেন যে প্রস্তাবিত চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত তিন হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা