জুন ৩০, ২০২৬, ০৮:৪৩ পিএম
বিদেশি পর্যটক ও দক্ষ অভিবাসীদের জন্য ভিসা ফি একলাফে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানোর বড় ঘোষণা দিয়েছে জাপান সরকার। আগামী ১ জুলাই বুধবার থেকে নতুন এই নিয়ম দেশটিতে কার্যকর হবে। দীর্ঘ প্রায় আটচল্লিশ বছর পর অর্থাৎ ১৯৭৮ সালের পর এই প্রথম ভিসা ফি বাড়ানোর এমন নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত নিল টোকিও প্রশাসন।জাপানে বিদেশি পর্যটকদের রেকর্ড উপচে পড়া ভিড়ের কারণে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
টোকিওর নতুন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার আবেদন ফি ৩ হাজার জাপানি ইয়েন থেকে বাড়িয়ে একলাফে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। অন্যদিকে মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ভিসার খরচ ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ হাজার ইয়েন। বৈশ্বিক বাজারের মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ প্রশাসনিক খরচ বৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড অবমূল্যায়নের কারণে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই ফি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
ভিসা ফি বাড়ানোর পাশাপাশি সব ভ্রমণকারীর জন্য দেশ ত্যাগ কর বা ডিপার্চার ট্যাক্স ১ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে বসবাসের আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি ১ লাখ ইয়েন করার একটি নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ। অতিরিক্ত পর্যটকদের চাপের কারণে জাপানের সামগ্রিক অবকাঠামো ও জনসেবার ওপর যে ব্যাপক ধকল যাচ্ছে, তা সামাল দিতেই এই বড় পরিবর্তন আনা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আকস্মিক এই ফি বৃদ্ধির মূল উদ্দেশ্য বিপুলসংখ্যক দর্শনার্থী সামলানোর পরিচালন খরচের একটি বড় অংশ বিদেশি নাগরিকদের থেকে তুলে নেওয়া। তবে ফি কয়েক গুণ বাড়লেও নান্দনিক দেশ হিসেবে জাপানের চিরন্তন আবেদনের কারণে দক্ষ অভিবাসী বা পর্যটক আসার সংখ্যায় খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছেন দেশটির নীতি-নির্ধারকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন