শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
শিশু হত্যা

আদালতে অভিভাবকত্ব হারিয়ে চার বছরের মেয়েকে গুলি ও মায়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৭:৫১ পিএম

আদালতে অভিভাবকত্ব হারিয়ে চার বছরের মেয়েকে গুলি ও মায়ের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আদালতের রায়ে সন্তানের অভিভাবকত্ব হারানোর পর চার বছরের মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনার পর ওই নারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হিউস্টন পুলিশ বিভাগ (এইচপিডি) এবং পারিবারিক সূত্রের তথ্যানুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম হিউস্টনের একটি টাউনহাউসে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার বছরের শিশু ভিভিয়ান সাভেলাকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে ভিভিয়ানের মা ৩৫ বছর বয়সী সিবেল সাভেলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের আইনজীবী জানিয়েছেন, সিবেল ও অ্যারন সাভেলার বিচ্ছেদ ঘটেছিল ২০২৪ সালের নভেম্বরে। এরপর থেকে তাঁদের একমাত্র সন্তান ভিভিয়ানের অভিভাবকত্ব নিয়ে আদালতে দীর্ঘ আইনি লড়াই চলছিল। ঘটনার দিন পারিবারিক আদালতের বিচারক ভিভিয়ানের বাবা অ্যারনের পক্ষে রায় দেন। মঙ্গলবার রাতেই শিশুটিকে বাবার কাছে হস্তান্তরের কথা নির্ধারিত ছিল, কিন্তু তার আগেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে শিশুটির সৎ বাবা ও একজন শিশু পরিচর্যাকারী উপস্থিত ছিলেন।

অ্যারনের আইনজীবী শার্লট রেইনওয়াটার এক বিবৃতিতে জানান যে তাঁর ২৮ বছরের পেশাগত জীবনে এমন ভয়াবহ ঘটনা তিনি দেখেননি। আদালতের শুনানির সময় কেউ এমন মর্মান্তিক পরিণতির কথা কল্পনাও করতে পারেনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যারন আদালতের সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে আর নিজের কাছে ফিরিয়ে নিতে পারেননি। প্রিয়জনদের মতে, ছোট্ট ভিভিয়ান তার চারপাশের সকলের কাছে অত্যন্ত আদরের ছিল।