নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৪৮ এএম
সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য বড় ধরনের সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির আওতাধীন স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় ১২টি ভিন্ন ভিন্ন পদে মোট ৮৯৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আজ ২০ নভেম্বর থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদ ও গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের পদগুলোতে উচ্চশিক্ষিত ও পেশাদারদের নিয়োগ দেওয়া হবে সর্বাধিক। এর মধ্যে রয়েছে ২৬টি পদে পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি), ৩১টি পদে হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ৮৪টি পদে সহকারী প্রকৌশলী (সিভিল)।
জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় ১৭৭টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে মেডিকেল অফিসার পদে, যার জন্য এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ১৬৮টি পদে শহর পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হবে, যার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা পুর প্রকৌশলে স্নাতক ডিগ্রি সহ টাউন প্লানিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যক। সমাজ-বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সমাজ উন্নয়ন কর্মকর্তা পদে ৫৭ জনের সুযোগ থাকছে।
দশম গ্রেডের পদগুলোতে মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাধান্য দেওয়া হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৭৭টি, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ১২২টি এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৮১টি শূন্য পদ রয়েছে। এই পদগুলোতে সংশ্লিষ্ট প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়াও ২০টি পদে পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি) পদে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রশাসন ক্যাটাগরিতে দ্বাদশ গ্রেডে ৪৫টি পদে প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি) এবং ত্রয়োদশ গ্রেডে ৯টি পদে প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি) পদে স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ থাকছে। স্থানীয় সরকার বিভাগের ইতিহাসে এটি অন্যতম বড় নিয়োগ বিজ্ঞপ্তি।আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন