মার্চ ৪, ২০২৬, ১২:৩৯ পিএম
রাজধানীর রামপুরায় ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি এবং দুইজনকে হত্যার ঘটনার মামলার রায় আজ হচ্ছে না। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার কার্যক্রম স্থগিত করেছেন।
বুধবার সকালে প্রসিকিউশন পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়, যেখানে মামলায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ দাখিলের সুযোগ চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এই আবেদন আমলে নিয়ে রায় ঘোষণার জন্য পরবর্তী নতুন কোনো দিন ধার্য করার আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মধ্যে রামপুরায় কর্মরত অবস্থায় বাড়িতে ফেরার পথে পুলিশের তাড়া খেয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেন আমির হোসেন। আত্মরক্ষার চেষ্টায় তিনি চারতলার কার্নিশ ধরে ঝুলে থাকলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে তিনি তিনতলায় পড়ে যান এবং পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান। একই ঘটনায় একই স্থানে আরও দুইজনকে গুলি করে হত্যার অভিযোগে এই মামলাটি পরিচালিত হচ্ছে।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ৪ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল।
গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, এই বর্বরোচিত হামলার সচিত্র প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ইতিমধ্যে আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে প্রসিকিউশন মনে করছে, নতুন কিছু তথ্য ও প্রমাণের সংযোজন মামলাটিকে আরও শক্তিশালী করবে। ট্রাইব্যুনালের বিচারক প্যানেল নতুন তথ্য উপাত্ত যাচাই শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন