সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কারাভোগের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ১২:১১ পিএম

কারাভোগের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারাভোগের তিক্ত অভিজ্ঞতা এবং পরিবারের ত্যাগের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া।

ওই পোস্টে তিনি জেলজীবনের স্মৃতি এবং দেশের মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকার কথাও উল্লেখ করেন।পোস্টের শুরুতেই একটি ব্যাগের প্রসঙ্গ টেনে আবেগঘন হয়ে ওঠেন মির্জা ফখরুল।

তিনি লেখেন, "আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম। ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল। তার কাছ থেকে কিনেছিলাম।

জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কি না এই ব্যাগটা।"গত পনেরো বছরের রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে তিনি জানান, তিনি নিজে ১১০টিরও বেশি মামলার আসামি ছিলেন। এর মধ্যে ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা—সবই ছিল মিথ্যা। আড়াই বছরের বেশি সময় জেলে থাকার সময় তাঁর অসুস্থ স্ত্রী দিনের পর দিন আদালতের বারান্দায় দৌড়েছেন। তিনি উল্লেখ করেন, একসময় বর্তমান উপদেষ্টা ড. আসিফ নজরুল একটি জাতীয় দৈনিক বা মিডিয়াতে ‘রাষ্ট্র বনাম মির্জা ফখরুল’ শিরোনামে একটি কলাম লিখেছিলেন, যা সেই সময়ের বাস্তবতাকে তুলে ধরেছিল।

মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের বলা হয়েছে, নির্বাচনে আসুন, মুক্তি পাবেন। আমরা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করিনি। ৭ বার জামিন রিজেক্টেড হয়েছে। জেলে মাটিতেও শুতে হয়েছিল।" তিনি সাধারণ কর্মীদের অবর্ণনীয় কষ্টের কথা উল্লেখ করে বলেন, যারা মাঠের রাজনীতি করেন না, তারা এই ‘স্ট্রাগল’ বা সংগ্রাম বুঝবেন না।

ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করবো এবং শাস্তি নিশ্চিত করব। যে যেই অন্যায় করেনি, তাকে সেই অন্যায়ের জন্য হয়রানি কেন করা হবে?" তিনি স্পষ্ট করেন যে, কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা রাজনীতি নয়, তারা দেশে আইনের শাসন ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।