সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জকসু প্রার্থী খাদিজাতুল কুবরার আবেগঘন আকুতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০১:০৪ পিএম

জকসু প্রার্থী খাদিজাতুল কুবরার আবেগঘন আকুতি

ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর মুক্তি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসন্ন জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে নোংরা রাজনীতি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেওয়া সেই স্ট্যাটাসে খাদিজা লেখেন, "যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন এক মাসেই আমার এত দোষ, আমি খারাপ হয়ে গেলাম? এসেছিলাম পরিবর্তন করতে।

কিন্তু এসব নোংরামির কারণে বুঝতে পারছি কেন মেয়েরা এই সেক্টরে আসে না বা আসতে চায় না।"খাদিজাতুল কুবরা তার বিরুদ্ধে চলা অপপ্রচার ও মানসিক হয়রানির জন্য নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়নকারী সাংবাদিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, "অনলাইনে ফেক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং—সবকিছুই বুঝলাম। মেনে নিলাম। কিন্তু সাংবাদিকরা? একেকজন কল দিয়ে এত মিথ্যা অপবাদ, উল্টাপাল্টা প্রশ্ন আর মানসিক প্রেসার নিতে পারছি না।

তিনি অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ কেউ যখন কথায় পারে না, পাশ থেকে অন্য কেউ শিখিয়ে দিচ্ছে। তিনি তাদের 'লিবারেল' থাকতে এবং 'একটা নির্দিষ্ট দলের চাটামি' না করার আহ্বান জানান।তিনি উল্লেখ করেন, ১৫ মাস কারাগারে থেকেও এত মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছে। তিনি আকুতি জানিয়ে লেখেন, "আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না, প্লিজ!"জানা যায়, সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়।

সেখানে খাদিজাতুল কুবরা ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তবে এই অনুদান নিয়েই তিনি প্রশ্নের মুখে পড়েন, কারণ কনসার্টের অনুমতিপত্রে নির্বাচনী কমিশনের শর্ত ছিল যে, 'কনসার্টের মঞ্চে কোনো স্বতন্ত্র/প্যানেলের প্রার্থী উপস্থিত থাকতে পারবেন না।'

খাদিজা তার স্ট্যাটাসে আরও পরিষ্কার করে বলেন, তিনি ঢালাওভাবে সকল সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেননি। যারা তাকে বিভিন্নভাবে 'চাপে' রাখা বা দমানোর চেষ্টা চালাচ্ছেন, শুধু তাদের উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন। তিনি বলেন, "আমি মজলুম। আমি সবসময় নির্যাতিতদের পক্ষে আছি আর আমৃত্যু অসহায়-বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাব। এতে যদি আমার মৃত্যুও হয় আমি পিছপা হবো না। কথা দিলাম।"