সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:২২ পিএম

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। এই মৃত্যুর ঘটনায় তাঁর সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসটি জনমনে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি করেছে।

মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে জান্নাত আরা রুমী তাঁর নিজের ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন:

"ইয়া আল্লাহ। হাদি ভাইকে আমাদের খুব দরকার।"

উল্লেখ্য, হাদি বর্তমানে সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। রুমী এনসিপি-র সক্রিয় নেত্রী হিসেবে হাদির ওপর হামলার বিচার ও তাঁর সুস্থতার দাবিতে সোচ্চার ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ঝিগাতলা পুরান কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ওসি আরও নিশ্চিত করেন যে, রুমী জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হোস্টেলের কক্ষে কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজনৈতিক সহযোদ্ধার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বিগ্ন রুমীর এমন আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।