মার্চ ৪, ২০২৬, ১১:০৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা বর্তমানে ৪.৯ মিলিয়ন বা ৪৯ লাখ ছাড়িয়ে গেছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি নিয়মিত আলোচনায় থাকে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঠিক কত টাকা আয় করেন, তার একটি স্বচ্ছ হিসাব দিয়েছেন এই তরুণ নেতা।
হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্যমতে, তার ফেসবুক পেজ থেকে আসা আয়ের অংকটি বেশ মোটা। তিনি জানান, তার একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও সেখান থেকে মাত্র ৪০ ডলার পেয়েছেন। তবে গত দুই দিনেই তার আয় হয়েছে ১২০ ডলার। মাসিক আয়ের হিসাব দিতে গিয়ে তিনি জানান, গত মাসে তিনি ফেসবুক থেকে ৩ হাজার ৩৯৯ ডলার উপার্জন করেছেন।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা। নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরার মাধ্যমে তার এই বিশাল অংকের আয় নিশ্চিত হয়।পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে মাসিক গড় আয় ৪ লাখ টাকার ওপরে থাকে বলে জানিয়েছেন হাসনাত। সে হিসেবে বাৎসরিক আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি। রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা। জুলাই বিপ্লবের পর থেকে তার কন্টেন্টের রিচ ও এনগেজমেন্ট কয়েক গুণ বেড়ে যাওয়ায় আয়ের মাত্রাও বেড়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে হাসনাতের এই শক্তিশালী অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যেমন সাহায্য করছে, তেমনি তার রাজনৈতিক প্রচারণাতেও বড় ভূমিকা রাখছে। একজন সংসদ সদস্য হিসেবে নিজের আয়ের এই বিকল্প ও বৈধ উৎসের তথ্য জনসম্মুখে এনে তিনি নতুন প্রজন্মের কাছে স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি এনসিপির সাংগঠনিক কাজেও দেশজুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন