মে ১৫, ২০২৬, ১১:৪১ এএম
দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে নিজের নীরব ভূমিকা পালনের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।শুক্রবার (১৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান।
ডা. তাসনিম জারা লেখেন, দুটি দলের কর্মীরা প্রচার করছেন যে হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি কিছু বলছেন না বা করছেন না। বিশেষ করে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ দাবি করে স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষা করতে চুপ থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি নাকচ করে দেন।
নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ডা. জারা উল্লেখ করেন, ভিন্ন প্রসঙ্গে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড তাকে বহু আগেই উদ্বিগ্ন করে তুলেছিল। তিনি জানান, ২০২৪ সালেই তিনি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলার বিষয়ে তিনি সোচ্চার ছিলেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাসনিম জারা আরও জানান, তিনি এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা-সেমিনারে হামের প্রাদুর্ভাব নিয়ে সরব আছেন। এই সংকট মোকাবিলায় সম্ভাব্য সমাধান নিয়েও তিনি নিয়মিত মতামত দিচ্ছেন। তার এসব বক্তব্যের ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।হামের প্রাদুর্ভাবের পেছনের কারণ ও দায়বদ্ধতা নির্ধারণে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন এই চিকিৎসক। তিনি জানান, প্রায় এক মাস আগে গত ১৯ এপ্রিল তিনি এই কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন। প্রমাণ হিসেবে তিনি সামাজিক মাধ্যমে কিছু স্ক্রিনশটও শেয়ার করেন।
একটি গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ডা. জারা। তিনি মনে করেন, শিশুরা যখন অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে, তখন রাজনৈতিক কর্মীদের উচিত ছিল সমাধানে অংশ নেওয়া। কিন্তু তারা সমাধানের পথে না গিয়ে মিথ্যা প্রচারের পথ বেছে নিয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী, তিনি তার বক্তব্যের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র ও পূর্ববর্তী কার্যকলাপের প্রমাণাদিও উপস্থাপন করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন