রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:৩৪ এএম

হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি

শহীদ শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে দেশে আবারও জুলাই নেমে আসবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন তাঁর বোন মাসুমা হাদি। গতকাল শুক্রবার (১৫ মে) তিনি এই পোস্ট দেন।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাদি হত্যার সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি বলে তিনি অভিযোগ করেন।

মাসুমা হাদি তাঁর স্ট্যাটাসে জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের ওপর ইনসাফ করার দাবি জানান। অন্যথায় দেশে আবারও পূর্বের মতো গণআন্দোলন বা জুলাইয়ের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই দাবিতে তিনি সবার সহযোগিতা ও মনোযোগ আকর্ষণ করেন।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরবর্তীকালে তাঁর মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সংলগ্ন এলাকায় দাফন করা হয়।