রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৫:১৭ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

ভেনেজুয়েলার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়কে বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন তিনি। দেশের অপরিকল্পিত নগরায়ণ ও সাম্প্রতিক সময়ের ছোট ছোট ভূকম্পনের উদাহরণ টেনে বাংলাদেশের সামগ্রিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই আলোচক।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম ও যথাযথ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানান।ভেনেজুয়েলার দুর্যোগকে বাংলাদেশের জন্য সতর্কবার্তা বলছেন শায়খ আহমাদুল্লাহ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার এই বিধ্বংসী ভূমিকম্পে প্রায় এক লক্ষ মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যা ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সমবেদনা প্রকাশের দাবি রাখে। 

আল্লাহর মহাশক্তির সামনে মানুষের তৈরি এই আধুনিক সভ্যতা যে কতটা ক্ষুদ্র ও অসহায়, এই ঘটনা তারই প্রমাণ। তিনি সতর্ক করে বলেন, জনবহুল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাংলাদেশের শহরগুলোতে যদি এমন তীব্রতার কোনো ভূমিকম্প আঘাত হানে, তবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে। এই সংকট থেকে শিক্ষা নিয়ে সবাইকে আত্মশুদ্ধির দিকে ফেরার আহ্বান জানান তিনি।

দুর্যোগের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে দেশের সাধারণ মানুষকে ভবন নির্মাণ সংক্রান্ত নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ধারকাজের আগাম প্রস্তুতি জোরদার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন মৃদু ভূকম্পন হওয়ায় এই বার্তাটি সাধারণ নাগরিকদের মাঝেও বেশ সচেতনতা তৈরি করেছে।