বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বন্যাদুর্গতদের জরুরি সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৭:৪৬ পিএম

বন্যাদুর্গতদের জরুরি সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বন্যার্তদের মাঝে খুব দ্রুত জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে দুর্গতদের হাতে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুর্যোগকবলিত মানুষদের জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বন্যার্তদের কষ্ট লাঘবের জন্য তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, প্রতি বছরই দেশের বিভিন্ন দুর্যোগে আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। এবারের বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের এই উদ্যোগকে স্থানীয় মানুষ স্বাগত জানিয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও তারা কাজ করবে বলে জানা গেছে।