সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দুর্গাপূজা উপলক্ষে এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দুর্গাপূজার উৎসব শুরু হলেও বিগত শাসনামলে এই উৎসবকে কেন্দ্র করে সমাজে এক আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি অভিযোগ করেন:আমরা দুঃখের সাথে দেখেছি, রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে।
শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার অপচেষ্টা করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ঘৃণ্য খেলায় মেতেছিল।"এর ফলস্বরূপ, উৎসবের আনন্দ নিরাপত্তাহীনতার আতঙ্কে বদলে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে তার দল বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না।
হাসনাত আব্দুল্লাহ সরকার ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন:আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিটি পূজামণ্ডপ, প্রতিটি ঘর এবং প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী নাগরিক যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে এই উৎসব সম্পন্ন করতে পারেন।"
তিনি দেশের সব নাগরিকের প্রতিও অনুরোধ জানান যেন তারা প্রত্যেকে সর্বোচ্চ সহযোগিতামূলক ও সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকেন। তিনি বলেন, "সম্প্রীতি বা পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি, নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান, এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ।"



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন