সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:৫৮ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে। জিটিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।
এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে।”প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তাৎপর্য তুলে ধরে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার ভিডিওতে মন্তব্য করেন, “তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমরা যেটা ধারণা করি, এটা পশ্চিমারা চায় না।
গণতান্ত্রিক বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে।”মোস্তফা ফিরোজ আরও বলেন, “এখন কোন ফরমেটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা; না গেলেও যাদের রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে, তার একটা নিশ্চয়ই কোনো একটা আলাপ আলোচনা চলছে।”
ড. ইউনূসের এই মন্তব্যকে 'খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট' হিসেবে উল্লেখ করে মোস্তফা ফিরোজ বলেন, “কারণ ড. ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে, সেটা একটা পশ্চিমা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব। সেখানে কিন্তু বলতে পারেন না যেকোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে। তাকে কোনো সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না।”
তবে মোস্তফা ফিরোজ দাবি করেন, ওই সাক্ষাৎকারে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যগুলো পুরোপুরি সত্য নয়। তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল যে নির্বাচনে অংশ নেবে, সেই অধিকার আর তার থাকে না।”
তিনি আরও যোগ করেন, “ড. ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এরকম যখন অবস্থান, তখন জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ করার যে দাবি, সেটি সম্ভবত ওই পর্যায়ে নাও যেতে পারে।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন