রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৬:৫৬ পিএম

বাগদান সারলেন বিএনপি নেতা  ইশরাক

ছবি - সংগৃহীত

ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার বড় ছেলে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রী ব্যারিস্টার নুসরাত খান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রীসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য মরহুম নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।শনিবার (১১ অক্টোবর) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ঘরোয়া এক অনুষ্ঠানে ইশরাক হোসেন ও নুসরাত খানের আংটি বদল হয়। ইশরাক হোসেনের মা, ইসমত হোসেন, তাকে এই শুভ সংবাদটি জানিয়েছেন। তিনি আরও বলেন, হঠাৎ করেই পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নব দম্পতির জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। দুটি প্রভাবশালী বিএনপি-পন্থী রাজনৈতিক পরিবারের মধ্যে এই বন্ধনের খবরটি দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।