নভেম্বর ১২, ২০২৫, ১২:৫৬ পিএম
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান তাঁর সফরের প্রথম দিনটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অতিবাহিত করবেন। সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত এনজিও প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। রোহিঙ্গা সংকট এবং মানবিক সহায়তার বর্তমান অবস্থা সরেজমিনে দেখাই তাঁর এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
কক্সবাজার থেকে ফিরে ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন তিনি। পরদিন শুক্রবার ঢাকায় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাজ্যের এই মন্ত্রীর সফরকে বর্তমান প্রেক্ষাপটে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কূটনৈতিক মহল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন