বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০২:৪২ পিএম

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

দেশের সংবিধানিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই ভাষণ দেওয়া শুরু করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ প্রধান সংবাদমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সচরাচর রেকর্ড করা ভাষণ প্রচারের রেওয়াজ থাকলেও আজ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার এই সংক্ষিপ্ত ভাষণে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রসঙ্গ স্থান পাবে।

এর মধ্যে প্রধান হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং এর সঙ্গে সম্পর্কিত গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা। এছাড়াও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার কার্যক্রমের প্রসঙ্গও ভাষণে উঠে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশের বর্তমান রাজনৈতিক গতিপথের জন্য এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।

ভাষণের আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁরই সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অনুসারে আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আদেশটি প্রধান উপদেষ্টা নিজে জারি করবেন নাকি রাষ্ট্রপতি জারি করবেন, তা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। মূলত উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্তগুলোই প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত ভাষণ আকারে জাতির সামনে তুলে ধরছেন।

এর আগে আজ দুপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেন। এই স্বাক্ষরের পরপরই প্রধান উপদেষ্টার ভাষণ শুরু হওয়ায় সনদের বাস্তবায়ন নিয়ে দ্রুত অগ্রসর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার এই ভাষণ নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।