বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটে থাকছে যে চার প্রশ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৩:০৭ পিএম

গণভোটে থাকছে যে চার প্রশ্ন

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দেশের সংবিধান সংস্কারের সঙ্গে সম্পৃক্ত পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ভোটাররা প্রতিটি বিষয়ে 'হাঁ' অথবা 'না' ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি আরও নিশ্চিত করেন যে এই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।

ড. ইউনূসের ঘোষণা অনুযায়ী, গণভোটে ভোটারদের সামনে যে পাঁচটি বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ থাকবে, সেগুলো হলো: প্রথমত, জুলাই সনদ বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রবর্তন করা হবে কি না।

দ্বিতীয়ত, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে কি না। তৃতীয়ত, নারী আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কি না। চতুর্থত, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার পুনবন্টন করা হবে কি না। এবং পঞ্চমত, যে ত্রিশটি বিষয়ে সবদল একমত হয়েছে এবং যেসব বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়নি, সেগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে কি না।

প্রধান উপদেষ্টা জানান, ভোটাররা এই পাঁচটি প্রশ্নের ওপর সরাসরি হাঁ অথবা না ভোট দেবেন। এই পাঁচটি বিষয়ের পাশাপাশি ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করা এবং ৩০ কার্য দিবসের মধ্যে সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে কি না, সে বিষয়েও জনগণের কাছে রায় চাওয়া হবে। দেশের সংবিধানের মৌলিক পরিবর্তনে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংবিধানের এই মৌলিক পরিবর্তনগুলো বাস্তবায়নে জনগণের সরাসরি রায় নিশ্চিত করতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী ভিত্তি তৈরি হবে বলে সরকার আশা করছে। এখন নির্বাচন কমিশন কীভাবে এই জটিল প্রক্রিয়াদ্বয়কে একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, সেদিকেই সকলের দৃষ্টি।