নভেম্বর ১৩, ২০২৫, ০৬:২১ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়েই বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, এই বিপ্লবের চেতনা ধারণ করে বর্তমান সরকার একটি সবার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বক্তব্যে সাংস্কৃতিক কাঠামোতে বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতির দেশ হলেও দীর্ঘদিন এই বৈচিত্র্যের সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব হয়নি।
অনেক প্রান্তিক জনগোষ্ঠীকে সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে বাদ দেওয়ায় সাংস্কৃতিক জায়গায় ফ্যাসিবাদ চেপে বসেছিল। তিনি ঘোষণা করেন, এখন থেকে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই জায়গা করে নেবে এবং সংস্কৃতির শক্তি হবে অন্তর্ভুক্তি ও মানবতার সম্মিলন।প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রার অংশ হিসেবে বিটিভি’কেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে।
এর লক্ষ্য হলো, বিটিভি যেন কোনো দল বা রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি বলেন, বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে, যেখানে নতুন রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন অনুষ্ঠান চালু করা হবে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।
মাহফুজ আলম 'নতুন কুঁড়ি' আয়োজনকে তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের একটি নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সারাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করা এই তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন