বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:০৪ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই।

ছোটখাটো যেসব ঘটনা ঘটেছে, সেসবের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোনো বড় ধরনের শঙ্কা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন অনেকে অনেক কিছুই প্রচার করে, কিন্তু পরিস্থিতি ওরকম গুরুতর নয় এবং রাস্তাঘাটও ফাঁকা নেই।

ছোটখাট দু’একটি ঘটনা ঘটেছে, সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। তবে এসব ঘটনার ক্ষেত্রে আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।ব্রিফিংয়ে তিনি দেশের কৃষি পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, চলতি মৌসুমে আমনের চাষ ও ফলন খুবই ভালো হয়েছে। সরকার ইতোমধ্যে ধানের একটি ন্যায্য দাম নির্ধারণ করে দিয়েছে। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। তিনি আশা প্রকাশ করেন, এই দাম কৃষকদের জন্য সহায়ক হবে।

তিনি আরও জানান, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো এবং বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও সহনীয় পর্যায়ে আছে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এবার আলু চাষিরা লোকসানে আছেন এবং ন্যায্য দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটি ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি নিশ্চিত করেন, পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করলেও তারা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।