বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:৫৯ পিএম

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ

আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আয়ারল্যান্ড ও আর্জেন্টিনার রাজধানী ডাবলিন এবং বুয়েনস আয়ার্সে নতুন দুটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবটি বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত বিদেশে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপনের ফলে সেখানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের উন্নত কনস্যুলার সেবা নিশ্চিত হবে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।অন্যদিকে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে দূতাবাস খোলার মধ্য দিয়ে লাতিন আমেরিকার এই দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে।

বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার যে সাংস্কৃতিক ও কূটনৈতিক আগ্রহ বেড়েছে, এই দূতাবাস সেই সম্পর্ককে আরও গভীর করবে। একইসাথে দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ বিশ্বজুড়ে মোট ৮১টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। এর মধ্যে রয়েছে ৫৯টি দূতাবাস বা হাই কমিশন, ২০টি কনস্যুলার মিশন এবং দুটি স্থায়ী মিশন। নতুন দুটি দূতাবাস স্থাপিত হলে কূটনৈতিক মিশনের সংখ্যা আরও বাড়বে। এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন গতির সঞ্চার করবে এবং আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।