বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের আরও ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:০৮ পিএম

দেশের আরও ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়ে চলতি সপ্তাহে গত শনিবার (৮ নভেম্বর) ও রবিবার (৯ নভেম্বর) এর রদবদলসহ মোট ৩৮টি জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হলো,

যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি উল্লেখযোগ্য প্রশাসনিক পদক্ষেপ।আজকের প্রজ্ঞাপন অনুযায়ী পদায়ন করা জেলা প্রশাসকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, এবং পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয় এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লার ডিসি পদে পদায়ন করা হয়েছে।এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।প্রশাসনের এই ব্যাপক রদবদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ প্রশাসনকে প্রস্তুত করার ইঙ্গিত দেয়। নতুন ডিসিদের দায়িত্ব দ্রুত বুঝে নিয়ে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।