নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৪ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়।
একই আদেশে এর আগে নিয়োগ পাওয়া দুইজনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে বিপিএটিসির পরিচালক এস এম মেহেদী হাসান লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মো. সাইফুর রহমান নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়াও অর্থ বিভাগের মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লার ডিসি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের শাহেদ মোস্তফা পাবনায়, মন্ত্রিপরিষদ বিভাগের এনামুল আহসান রংপুরে এবং আশেক হাসান যশোরে নিয়োগ পেয়েছেন।
অন্যান্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শফিকুল ইসলাম নোয়াখালী, আলম হোসেন গাজীপুর, মাকসুদুর রহমান গাইবান্ধা, অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রাম, জাহাঙ্গীর আলম মাদারীপুর, তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজার, খায়রুল আলম সুমন বরিশাল, তাছলিমা আক্তার বরগুনা এবং নাজমা আশরাফী রাঙামাটির ডিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে তারা সরাসরি যুক্ত থাকেন এবং পোলিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগের মাধ্যমে ভোটের মাঠের প্রশাসন সাজান।
এদিকে নতুন নিয়োগের পাশাপাশি আটটি জেলার বর্তমান ডিসিদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা এবং কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসকদের পরিকল্পনা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগসহ বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও গত দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন