নভেম্বর ২৮, ২০২৫, ১১:৩৩ এএম
উপজেলা পরিষদের মাধ্যমে দেশের ১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ থেকে তিনি এই লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে। তিনি ঘোষণা দেন, আগামী এক বছরে সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের আট জেলার ৪১ উপজেলা এই প্রকল্পের আওতায় রয়েছে।
মোট ব্যয়: প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ছিল ২৩ কোটি ৩২ লক্ষ টাকা।বিশেষ বরাদ্দ: প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে পৃথকভাবে পাঁচ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি।
উপদেষ্টা জানান, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবেন। এছাড়া, নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে দুইটি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পদসৃজনের পূর্ব পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন