রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দেশের মাটিতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:৫১ পিএম

দেশের মাটিতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দেশের মাটিতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো ফিরে আসার সুযোগ নেই। তিনি ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।প্রধান উপদেষ্টা তাঁর ভাষণের শুরুতেই গভীর বেদনার সঙ্গে জাতির সামনে উপস্থিত হওয়ার কথা জানান।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর নয়—এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত।

চিকিৎসা ও নিরাপত্তা: তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।হামলাকারীদের হুঁশিয়ারি: অধ্যাপক ইউনূস দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। "এই ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

অধ্যাপক ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সব বাংলাদেশিকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই-সংগ্রামে আত্মত্যাগ করা সব শহীদ ও বীর যোদ্ধাদের।তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তির পথে অগ্রগতি হচ্ছে।প্রধান উপদেষ্টা ভাষণের শেষাংশে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে এবং তাদের কোনো ফাঁদে পা দেওয়া হবে না।