শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:০৪ পিএম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নেমে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে গত বৃহস্পতিবারের সেই নারকীয় হামলার ঘটনায় মোট গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৮-এ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে এই সহিংসতায় জড়িত এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে সোমবার পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হচ্ছে। শুধু ভৌত হামলা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এই হামলায় উসকানি দিয়েছে, তাদেরও শনাক্ত করার কাজ চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে কয়েক শ’ দুর্বৃত্ত সংগঠিত হয়ে হামলা চালায়। তারা দীর্ঘ সময় ধরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমনকি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদেরও বাধা দেওয়া হয়। এই ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে গত রবিবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো (ডিবি ও সিটিটিসি) ছায়ানট ভবনে হামলার বিষয়টিও একই তদন্তের আওতায় এনে কাজ করছে।