ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:০৪ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন দেশ। এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত রাখা এবং মরহুমার শেষ বিদায়ের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এই দেশনেত্রী।
লিভার, কিডনি ও হৃদরোগসহ ফুসফুসের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই উপদেষ্টা পরিষদ এবং বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে জানাজা ও দাফন নিয়ে সমন্বয় চলছে।
প্রধান উপদেষ্টার এই ভাষণে রাষ্ট্রীয় শোক পালনের সময়সীমা এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রক্রিয়ার বিস্তারিত আসার সম্ভাবনা রয়েছে।বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও বেড়ে ওঠার সঙ্গে উত্তরবঙ্গের নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। জাতির এই ক্রান্তিলগ্নে ড. ইউনূসের এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন