ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৪৬ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া আসনগুলোতে ভোটগ্রহণ স্থগিত হবে কি না তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে। তবে আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যুতে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের যে বিধান রয়েছে তা খালেদা জিয়ার ক্ষেত্রে কার্যকর হবে কি না সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন।
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ১৯৭২-এর ১৭(১) অনুচ্ছেদ অনুযায়ী যদি প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন।
তবে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল করার বিধান রয়েছে। এমন ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন বাতিল করেন এবং কমিশন পুনরায় নতুন তপশিল ঘোষণা করে। তবে এক্ষেত্রে আগের বৈধ প্রার্থীদের নতুন করে জামানত বা মনোনয়নপত্র জমা দিতে হয় না। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে এই আইন প্রয়োগের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন।জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই আইনি জটিলতার ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন যে খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমান নির্বাচনী তপশিলে কোনো প্রভাব পড়বে না।
এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বেগম জিয়া এখনও বৈধ প্রার্থী হিসেবে কমিশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে স্বীকৃত হননি। সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল এবং আজই তার মৃত্যুর সংবাদ আসে। এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে বিএনপি আগে থেকেই বগুড়া, দিনাজপুর ও ফেনীর আসনগুলোতে বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে। ফলে ওই আসনগুলোতে নির্বাচন বাতিল বা নতুন তপশিল দেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করছে কমিশন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিষয়টি নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরও নিবিড়ভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য যে বেগম জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হলেও বিএনপি অত্যন্ত সতর্কতার সাথে সেখানে দ্বিতীয় প্রার্থী রেখেছে যাতে কোনো আইনি বা শারীরিক জটিলতায় দলের প্রতিনিধিত্ব শূন্য না হয়। ফলে বিএনপি নেত্রীর মৃত্যুতে রাজনৈতিক শোকের ছায়া নামলেও আইনি মারপ্যাঁচে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এখন সবার নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন