জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত নাগরিক শোকসভায় অংশ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, "বেগম খালেদা জিয়া যখন বন্দি ছিলেন এবং গুরুতর অসুস্থ ছিলেন, তখন তাঁর পক্ষে কথা বলার মতো সাহসী মানুষ প্রায় কেউ ছিল না। অনেক অনুনয়-বিনয় করার পরও খুব কম মানুষই তাঁর হয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন।
ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, খালেদা জিয়ার বিচার প্রক্রিয়াটি ছিল এদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় তিনি বলেন।
জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের রক্ত আর ত্যাগের বিনিময় আজ খালেদা জিয়াকে তাঁর প্রাপ্য সম্মানের সাথে সবার মাঝে পৌঁছে দিয়েছে এবং তাঁর প্রতি অবিচারকারীদের বিদায় করেছে। তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশকে যদি সত্যিই ভালো থাকতে হয়, তবে বেগম খালেদা জিয়া ও তাঁর গণতান্ত্রিক আদর্শকে আমাদের ধারণ করতে হবে।অনুষ্ঠানে প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, ত্যাগ, সততা এবং অসীম ধৈর্য খালেদা জিয়াকে এদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে।
তাঁর মতে, খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও কূটনৈতিক প্রতিনিধি, বরেণ্য বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী নেতারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন