বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

আনসার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দিল ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৫ পিএম

আনসার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৪ জানুয়ারি) ইটিআই-এর উপ-পরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই এই বাহিনীর সদস্যদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং নির্বাচনি আইন ও ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ অপরিহার্য। 

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সকাল ৯টায় শুরু হবে। এতে বাহিনীর প্রতিটি বিভাগের উপ-মহাপরিচালক বা পরিচালক (রেঞ্জ) এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ২৪৯ জন। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লা প্রতীকে ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন দেশজুড়ে ব্যাপক প্রচারণা চলছে।

ইসির ঘোষিত সময়সূচী অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। আনসার কর্মকর্তাদের এই প্রশিক্ষণ মূলত ভোটের দিনের নিরাপত্তা নিশ্ছিদ্র করার একটি অংশ হিসেবে দেখছে কমিশন।