ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৪১ এএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ তুঙ্গে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। বিশাল এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্য বেশ কিছু কড়াকড়ি ও নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্রে গিয়ে বিড়ম্বনায় না পড়তে চাইলে এই নিয়মগুলো জানা জরুরি।সময়সূচি ও মোবাইল ফোন প্রসঙ্গ: ভোটারদের সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে বিকাল ৪টার আগে যারা লাইনে দাঁড়াবেন, সময় শেষ হয়ে গেলেও তাদের ভোট নেওয়া হবে।
ভোটাররা পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। সবচেয়ে আলোচিত বিষয় হলো মোবাইল ফোন। কমিশন জানিয়েছে, মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে এবং কেন্দ্রের পরিবেশের ছবিও তোলা যাবে। তবে গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ব্যবহার বা ব্যালটে সিলের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
পোশাক ও পরিচয় যাচাই: যেকোনো শালীন পোশাক পরেই ভোট দেওয়া যাবে। যারা বোরকা বা নেকাব পরেন, তাদের ক্ষেত্রে পোলিং এজেন্টের অনুরোধে পরিচয় নিশ্চিত করতে একবারের জন্য নেকাব খুলতে হতে পারে। এছাড়া ভোট দিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে থাকলে শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়। ভোটার তালিকায় নাম ও ক্রমিক নম্বর যাচাই শেষে পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার দুটি ব্যালট পেপার দেবেন—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের (হ্যাঁ/না) জন্য।
ব্যালট ভাঁজ করার নিয়ম: ব্যালট পেপার হাতে পাওয়ার পর অবশ্যই দেখে নিতে হবে এর পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না। গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যাতে কালি অন্য কোনো প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ। এরপর স্বচ্ছ ব্যালট বাক্সে তা ফেলতে হবে। ভোট দেওয়া শেষ হলে কেন্দ্রে অযথা আড্ডা বা জটলা না করে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রকার অস্ত্র বা দাহ্য পদার্থ নিয়ে কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন