ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৪৪ এএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, ঢাকাসহ বড় শহরগুলোর কেন্দ্রগুলোতে আজ সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্স পৌঁছে যাবে। আর প্রত্যন্ত ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে রাতের মধ্যেই ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।
এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময়সূচি ও পদ্ধতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটারদের বিভ্রান্তি দূর করতে ব্যালট পেপারের রঙ ভিন্ন করা হয়েছে। ভোটাররা মোট দুটি ব্যালট পেপারে ভোট দেবেন।
এর মধ্যে ‘সাদা’ রঙের ব্যালটটি হবে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং ‘গোলাপি’ রঙের ব্যালটটি হবে গণভোটের (হ্যাঁ/না) জন্য।নির্বাচন সুষ্ঠু করতে ঝুঁকির মাত্রা বিবেচনায় কেন্দ্রগুলোকে ভাগ করা হয়েছে। ইসি জানিয়েছে, সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ এবং বাকিগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এই ঝুঁকি বিবেচনায় নিয়েই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
ভোটারদের আস্থা ফেরাতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে ইসি দাবি করেছে। এছাড়া মাঠ পর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভোটের আগের রাতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কেন্দ্রগুলোতে আজ রাত থেকেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন