ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৪ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল বা থার্ড টার্মিনাল দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের প্রধান এই বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক রুটে যাত্রী সেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিমান মন্ত্রী বলেন, থার্ড টার্মিনালটি যাতে দ্রুত কার্যকর করা যায়, সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রকল্পটি কবে নাগাদ পুরোপুরি চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
তিনি জানান, প্রকল্পের কাজগুলো বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কোনো কারিগরি বা প্রশাসনিক জটিলতা আছে কি না, তা নিয়ে বিশদ পর্যালোচনা ও তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।আফরোজা খানম আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে অনেক প্রশাসনিক প্রস্তুতির সুযোগ থাকলেও এখন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এই মেগা প্রকল্পটি চালুর প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো এবং ক্রমবর্ধমান ফ্লাইটের চাপ সামলাতে এই টার্মিনালটি চালুর কোনো বিকল্প নেই। সরকার চায় সকল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং নিরাপত্তা নিশ্চিত করেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হোক। এ বিষয়ে কারিগরি দলগুলো কাজ করছে এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ চালুর বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন