রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পুনরায় নিজের কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ড. ইউনূস

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:১৪ পিএম

পুনরায় নিজের কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ড. ইউনূস

ইউনূস সেন্টারে ড. ইউনূস

দেড় বছর সফলভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও নিজের চিরচেনা কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার সকালে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত টেলিকম ভবনের ইউনূস সেন্টারে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আন্তরিকতার সাথে বরণ করে নেন।

কার্যালয়ে পৌঁছানোর পর ড. ইউনূস কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এরপর তিনি গ্রামীণ সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক ব্যবসা প্রসারের নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সহকর্মীদের মাঝে ফিরে তিনি প্রতিষ্ঠানের আগামী দিনের কর্মপন্থা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ দেশের এক বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ আঠারো মাস রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে তিনি আবারও তার দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

তার প্রত্যাবর্তনে ইউনূস সেন্টারের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে তার ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং এখন তিনি পুনরায় তার মৌলিক সামাজিক ব্যবসায়িক দর্শন নিয়ে কাজ শুরু করলেন।