ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৪২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা দেশে আর চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়ে তিনি বলেছেন যে, যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রোববার সকালে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। সভায় পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
আইজিপি বাহারুল আলম কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসার মতো অপরাধগুলো দমনে পুলিশকে আপসহীন অবস্থানে থাকতে হবে। কোনো অপরাধী যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যাতে কোনো ধরণের সভা-সমাবেশ বা গোপন কার্যক্রম চালাতে না পারে, সেদিকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছেন আইজিপি।
তিনি বলেন, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করতে হবে। এ কাজে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশকে কাজ করার নির্দেশ দেন তিনি। আইজিপি বাহারুল আলম স্মরণ করিয়ে দেন যে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান করাই পুলিশের প্রধান দায়িত্ব এবং এ ক্ষেত্রে কোনো ধরণের গাফিলতি মেনে নেওয়া হবে না। দেশের প্রতিটি থানা ও পুলিশি ইউনিটে জনসেবার মান বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন