রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৬ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল

সেনাসদরে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের পদগুলোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদরের এক আদেশে এই পরিবর্তন আনা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নতুন এই আদেশে সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। 

সিজিএস হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের বা আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাকে রাষ্ট্রদূত হিসেবে কোনো একটি দেশে নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই প্রেষণ প্রদান করা হয়েছে। 

তার স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। পিএসও হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।রদবদলের এই আদেশে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্বের পরিবর্তন ঘটানো হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। 

পাশাপাশি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে। এছাড়া বর্তমানে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পর তাকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পেশাদারিত্ব ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।