রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিলেন মীর মুশফিকুর রহমান

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৬ পিএম

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিলেন মীর মুশফিকুর রহমান

নতুন পিএসও মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

তিন বাহিনীর প্রধানগণ নবনিযুক্ত পিএসও-কে অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনীর প্রশাসনিক ও কমান্ড কাঠামোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে দায়িত্ব পালন করেছেন। 

এর আগে তিনি সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই অভিজ্ঞতাপূর্ণ ক্যারিয়ার সশস্ত্র বাহিনী বিভাগের কৌশলগত ও প্রশাসনিক কাজে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।