রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার: ফখরুল

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৩৩ পিএম

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার: ফখরুল

ইফতার মাহফিলে মন্ত্রী মির্জা ফখরুল :ছবি-দিনাজপুর টিভি

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনরত এই মন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে এখন সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ তাকে যে নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসা দিয়েছে, তার জন্য তিনি চিরঋণী। জনগণের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা হবে। 

এছাড়া দীর্ঘদিনের দাবি ইপিজেড স্থাপন এবং বিমানবন্দর চালুকরণের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।কৃষকদের কল্যাণে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, ইতিমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার একটি বৈষম্যহীন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইএসডিও-এর আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদউজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।