মার্চ ৪, ২০২৬, ০৪:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে তার ব্যাংক হিসাব তলব এবং দুর্নীতির অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে তিনি নিজেই নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।
এই পদক্ষেপের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের জবাব দেবেন বলে জানা গেছে।সূত্রমতে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের মেয়র পদে প্রার্থিতা নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর থেকে একটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে যে, ক্রিকেটার সাকিব আল হাসানের একদল অনুসারী বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে কাল্পনিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে তার ব্যাংক হিসাবের তথ্য তলব করার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
এনসিপির পক্ষ থেকে এই অভিযোগগুলোকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ জানিয়েছিলেন যে, প্রশাসনিকভাবে তথ্য চাওয়ার আগেই তিনি স্বচ্ছতার স্বার্থে নিজ উদ্যোগে সব তথ্য প্রকাশ করবেন।
তিনি দাবি করেন, সরকারি পদ ছাড়ার আগেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিয়ে এসেছেন। আজকের সংবাদ সম্মেলনে তিনি ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরে অভিযোগকারীদের চ্যালেঞ্জ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এনসিপির শীর্ষ নেতারাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন