মার্চ ৯, ২০২৬, ১০:২৭ পিএম
শান্তিপূর্ণ ভোট উৎসব শেষে নতুন সরকার গঠনের অপেক্ষায় থাকা প্রতিবেশী দেশ নেপালের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নেপালের এই সফল ও গণতান্ত্রিক অভিযাত্রাকে স্বাগত জানান। গত ৫ মার্চ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী নেপাল সরকার ও সাধারণ নাগরিকদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিরই বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নেপালের এই গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। গত বছর দেশটিতে জেন-জি অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর গত বৃহস্পতিবার এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। পরিবর্তন ও নতুন সম্ভাবনার আশায় লাখ লাখ ভোটার এদিন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।প্রায় এক কোটি ১৩ লাখ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস গঠনের জন্য ভোটগ্রহণ করা হয়।
বর্তমানে দেশটিতে ভোট গণনার কাজ চলছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, তরুণদের নেতৃত্বাধীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি ১১০টি আসনে এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, দলটি বড় জয় নিয়ে নতুন সরকার গঠন করতে পারে। নেপালের এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। পরিবর্তনের জোয়ারে ভাসতে থাকা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও দৃঢ় হবে এমনটাই আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন